চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে চরম অস্থিরতা বিরাজ করছে, যেখানে স্থানীয় চেয়ারম্যান শাহীদ রানা টিপুর অনুসারীদের বিরুদ্ধে হত্যা মামলার বাদীকে হুমকি ও এলাকায় বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

গত ২৩ জানুয়ারি ২০২৫ সালে পিন্টু হত্যাকাণ্ডের পর তার বাবা মো. হুমায়ন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি করা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে। মামলায় আরও ছয়জনের নাম অন্তর্ভুক্ত থাকলেও, অভিযোগ রয়েছে যে পুলিশ তাদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে, ফলে এলাকায় আতঙ্ক বাড়ছে।

পিন্টুর পরিবারের বিরুদ্ধে হুমকি ও দোকান বন্ধের চাপ

২ এপ্রিল ২০২৫, বুধবার বিকেলে, টিপুর নির্দেশে তার অনুসারীরা পিন্টুর বাবা ও ভাইকে দোকান খুলতে বাধা দেন এবং তাদের জীবননাশের হুমকি দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা দলবল নিয়ে এসে ভয় দেখান, যেন পিন্টুর পরিবার মামলা চালিয়ে যেতে না পারে।

বিস্ফোরণ ও এলাকায় অস্থিরতা

হুমকির ঘটনার প্রায় ৬-৭ ঘণ্টা পর, রাতে, চরবাগডাঙ্গা এলাকায় একাধিক বোমার বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের দাবি, টিপুর অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করতে চেয়েছিল। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশি অভিযান ব্যর্থ?

গত ২, এপ্রিল ২০২৫ দুপুরে, পুলিশ টিপুকে গ্রেফতার করতে অভিযান চালায়, তবে স্থানীয় সূত্র জানায়, পুলিশের উপস্থিতির আগেই তিনি গোপন আশ্রয়ে চলে যান। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে না পেলেও, স্থানীয়দের অভিযোগ, তিনি এখনো গোপন স্থান থেকে চরবাগডাঙ্গাকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন।

জনমনে আতঙ্ক, দ্রুত গ্রেফতারের দাবি

চরবাগডাঙ্গার সাধারণ মানুষ এই ধরনের সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন টিপু ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। অন্যথায়, এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।