
চলতি ডিসেম্বর মাসের মধ্যেই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। একটি নিরপেক্ষ মজুরি বোর্ড সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে, যা শ্রমিক, শিল্প ও দেশের সার্বিক স্বার্থ রক্ষা করবে। বুধবার রাতে সচিবালয়ে সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
উপদেষ্টা জানান, মজুরি বোর্ড গঠনের পর ইতিমধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখও নির্ধারণ করা হয়েছে। বোর্ড সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণার লক্ষ্যে কাজ করছে। বিশ্বজুড়ে তৈরি পোশাকখাতের অর্জন শ্রমিকদের শ্রমেরই অবদান উল্লেখ করে তিনি বলেন, পোশাকশিল্পকে গতিশীল রাখতে শ্রমিক, মালিক ও সরকার—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পোশাক খাতে সাম্প্রতিক অস্থিতিশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু বহিরাগত লোক সাধারণ শ্রমিকদের মাঝে উসকানি ছড়িয়ে বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা করছে। তবে সাধারণ পোশাকশ্রমিকেরা এসব ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান এবং বৃহস্পতিবার থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।
উক্ত জরুরি ত্রিপক্ষীয় সভায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ বিষয়কমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবি: প্রতীকী

